
দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের জনপ্রিয় তারকা বিজয় ও তৃষা কৃষ্ণানকে ঘিরে চলা সম্পর্কের ভাঙনের গুঞ্জন নতুন এক ছবিতে যেন উড়ে গেল। সামাজিক যোগাযোগমাধ্যমে তৃষার শেয়ার করা একটি ছবি এখন ভক্তদের আলোচনার কেন্দ্রবিন্দু।
গত ২২ জুন ছিল তামিল সিনেমার সুপারস্টার বিজয়ের জন্মদিন। এ উপলক্ষে ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছায় সিক্ত হলেও শুরুতে তৃষার কাছ থেকে কোনো প্রকাশ্য শুভেচ্ছাবার্তা না আসায় নানা জল্পনা শুরু হয়। এমনকি সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি ওঠে, তৃষা নাকি বিজয়কে ইনস্টাগ্রাম থেকেও আনফলো করেছেন।
তবে সব গুঞ্জনের অবসান ঘটিয়ে জন্মদিনের রাতেই একটি বিশেষ ছবি পোস্ট করেন তৃষা। ছবিতে দেখা যায়, দুজন একসঙ্গে বসে জন্মদিনের কেক কাটছেন। তাদের হাস্যোজ্জ্বল উপস্থিতি ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।
ছবির ক্যাপশনে তৃষা ‘০০.০০’ উল্লেখ করে ইঙ্গিত দেন, জন্মদিনের প্রথম মুহূর্তটি বিজয়ের সঙ্গেই কাটিয়েছেন তিনি। পাশাপাশি লেখেন, “যে মানুষটি সবকিছুকে সার্থক করে তোলে, তাকে জন্মদিনের শুভেচ্ছা।” সঙ্গে ছিল একটি হৃদয়ের ইমোজি।
পোস্টটি প্রকাশের পরপরই ভাইরাল হয়ে যায়। অল্প সময়ের মধ্যেই এতে লাখো প্রতিক্রিয়া ও বিপুল সংখ্যক মন্তব্য জমা পড়ে। ভক্তরা দুজনকে একসঙ্গে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেন।
এদিকে বিজয়কে আনফলো করার খবরও সত্য নয় বলে জানা গেছে। বিভিন্ন সূত্রের দাবি, তৃষা কখনোই ইনস্টাগ্রামে বিজয়কে অনুসরণ করতেন না। ফলে আনফলো করার প্রশ্নও ওঠে না।
উল্লেখ্য, ১৯৯৯ সালে সংগীতা স্বর্ণালিঙ্গমের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন বিজয়। সাম্প্রতিক সময়ে তার ব্যক্তিগত জীবন ও তৃষার সঙ্গে সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা গেলেও এ বিষয়ে দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি। তবে জন্মদিনের এই বিশেষ ছবি তাদের সম্পর্ক নিয়ে নতুন করে আলোচনা ও কৌতূহলের জন্ম দিয়েছে।