২০২৬ ফিফা বিশ্বকাপের অফিসিয়াল গান ‘সির সির’–এ বাংলাদেশের প্রবাসী সংগীতশিল্পী ও প্রযোজক রাসেল আলীর অংশগ্রহণকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছে দেশের রক ব্যান্ড ওয়ারফেজ। গানটির সহ-প্রযোজনা ও সহ-গীতিকারের দায়িত্বে থাকা রাসেল আলীর অবদানকে ব্যান্ডটি ‘গর্বের বিষয়’ হিসেবে উল্লেখ করেছে।
বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে প্রকাশিত এই গানটি ইতিমধ্যেই আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় এসেছে। কানাডার টরন্টোয় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকা নোরা ফাতেহীর সঙ্গে মঞ্চে পারফর্ম করেন বাংলাদেশি-আমেরিকান সংগীতশিল্পী ও প্রযোজক সঞ্জয় দেব। একই প্রকল্পে যুক্ত ছিলেন ওয়ারফেজের সাবেক সদস্য রাসেল আলী, যিনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসবাস করে আন্তর্জাতিক সংগীত অঙ্গনে কাজ করছেন।
ফিফা সাউন্ডের অফিশিয়াল অ্যালবামে স্থান পাওয়া ‘সির সির’ গানটির বিষয়ে ওয়ারফেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় জানায়, ‘আমাদের নিজস্ব রাসেল আলীর প্রতি রইল এক বিশাল অভিনন্দন ও শুভকামনা। রাসেল, আমরা তোমার জন্য অত্যন্ত গর্বিত ২০২৬ ফিফা বিশ্বকাপের গান সির সিরসহ-লিখন এবং সহ-প্রযোজনা করার জন্য তোমাকে অনেক অনেক অভিনন্দন।’
ব্যান্ডটি আরও স্মরণ করে রাসেল আলীর শুরুর সময়ের অবদানের কথা উল্লেখ করে লেখে, ‘রাসেল একজন অসাধারণ প্রতিভাবান সংগীতশিল্পী ও গীতিকার। আমাদের প্রথম দুটি অ্যালবামে কিবোর্ড এবং গিটারে রাসেলের কিংবদন্তিতুল্য কাজ আজও অতুলনীয় এবং অপরাজেয় হয়ে রয়েছে। ওয়ারফেজের যাত্রা এবং সাফল্যে তার অবদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ।’
বর্তমানে লস অ্যাঞ্জেলেসে অবস্থানরত রাসেল আলী আন্তর্জাতিক সংগীত জগতে বিভিন্ন শীর্ষ সংগীত পরিচালক ও প্রযোজকদের সঙ্গে নিয়মিত কাজ করছেন। ‘সির সির’ গানটি, যেখানে নোরা ফাতেহী, ফরাসি শিল্পী ভেজেড্রিয়াম এবং সঞ্জয় দেব কণ্ঠ দিয়েছেন, বিশ্বজুড়ে শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানা গেছে।