
বলিউড ছেড়ে হলিউডে পাড়ি দেওয়ার বিষয়টি বছরের পর বছর ধরে বিভিন্ন জল্পনার জন্ম দিয়েছে। অনেকেই ধারণা করেছিল এটি প্রিয়াঙ্কা চোপড়ার নিজস্ব সিদ্ধান্ত। কিন্তু সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি নিজের যাত্রাপথ নিয়ে খোলামেলা মনোভাব প্রকাশ করেছেন।
প্রিয়াঙ্কা চোপড়া বলেন, “আমার মনে হয় না, আমি কখনো বলিউড ছেড়ে যেতে চেয়েছি।” তবে তখনকার সময়ে হিন্দি চলচ্চিত্রে নিজের কাজের সুযোগকে তিনি সীমিত মনে করেছিলেন। তিনি বলেন, “এখানে আমার নিজের কাজের জায়গাটা খুবই সীমিত মনে হতো। বেশ কিছু কারণ ছিল। আমি নিজের পরিসর বৃদ্ধি করতে চেয়েছিলাম। শিল্পী হিসাবে আমাকে উত্তেজিত করতে পারে এমন কাজের সুযোগের জন্য মুখিয়ে ছিলাম।”
নতুন সম্ভাবনার খোঁজই শেষ পর্যন্ত তাঁকে যুক্তরাষ্ট্রে কাজের দিকে আকৃষ্ট করে। অভিনেত্রী জানান, “এই ভাবেই আমি আমেরিকায় কাজ করতে পৌঁছে যাই।” তবে পেছনে ফিরে তাকালে প্রিয়াঙ্কা এই পথচলাকে মোটেই সহজ মনে করেন না। দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক মঞ্চে কাজকে চ্যালেঞ্জিং অভিজ্ঞতা হিসেবে দেখেন তিনি।
এদিকে বহুদিন পর আবারও ভারতীয় ছবিতে কাজ করতে যাচ্ছেন প্রিয়াঙ্কা, তবে এটি বলিউড নয়, বরং দক্ষিণ ভারতীয় সিনেমা ‘বারাণসী’-র মাধ্যমে। তিনি মন্তব্য করেন, “আমি ভারতীয় ছবি পছন্দ করি। ‘বারাণসী’তে কাজ করে আমি খুশি।”
বলিউড না দক্ষিণী সিনেমা—কোনটি বেছে নেবেন, এমন প্রশ্নের জবাবে প্রিয়াঙ্কা স্পষ্ট বলেন, “আমি দুটোর মধ্যে একটিকে বেছে নিতে পারবই না। আমার দুই জায়গাতেই কাজ করতে ভালো লাগে।”