
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে এক হাজতির গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রফিকুল ইসলাম (২৮) নামের ওই হাজতিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এর জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কারারক্ষী আরমান জানান, বিকেলে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের ভেতরে রফিকুল ইসলাম গলায় ফাঁস দেন এবং অচেতন হয়ে পড়েন। পরে কারা কর্তৃপক্ষের নির্দেশে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়।
তিনি আরও বলেন, মো. রফিকুল ইসলাম কেন্দ্রীয় কারাগারে হাজতি হিসেবে আটক ছিলেন। তার হাজতি নম্বর ৩৯১৮/২৬। তার বাবার নাম আশরাফ আলী। তবে তিনি কোন মামলায় হাজতি ছিলেন, সে তথ্য জানাতে পারেননি কারারক্ষী।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্ত সম্পন্ন করা হবে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।