
ষষ্ঠ শ্রেণির তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বইয়ে প্রজ্ঞার প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি রাখা নিয়ে বিতর্কের পর তা বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ে জ্ঞানের পিরামিডের চারটি স্তরের নাম থাকলেও কোনো প্রতীক বা আইকন রাখা হবে না।
রোববার (২৫ অক্টোবর) এনসিটিবির সদস্য এ কে এম শওকত আলী খান এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, উপাত্ত, তথ্য, জ্ঞান ও প্রজ্ঞা—এই চারটি স্তরের নাম বইয়ে থাকবে। তবে কোনো আইকন থাকবে না। আগামী শিক্ষাবর্ষে এভাবেই বই প্রকাশ করা হবে। পরের বছর বিষয়গুলো আরও পরিমার্জন করা হবে, যাতে কোনো ভুল তথ্য না থাকে।
এনসিটিবি সূত্রে জানা গেছে, ২০২৭ শিক্ষাবর্ষের জন্য ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ের প্রায় ৩৮ লাখ কপি ছাপানোর পরিকল্পনা ছিল। এরই মধ্যে প্রায় ২০ লাখ কপি ছাপা শেষ হয়েছে এবং সেগুলো মাঠপর্যায়ে পাঠানো হয়েছে।
তবে বিতর্কের জেরে গত বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে বইটির ছাপার কাজ বন্ধ রাখার নির্দেশ দেয় এনসিটিবি। একই সঙ্গে মাঠপর্যায়ে পাঠানো বইগুলো সংগ্রহ করে পুনরায় সরবরাহের উদ্যোগ নেওয়ার কথা জানানো হয়।
বইটির ‘উপাত্ত ও তথ্য’ অধ্যায়ে জ্ঞানের পিরামিডের সর্বশেষ স্তর ‘প্রজ্ঞা’র প্রতীক হিসেবে দাঁড়িপাল্লার ছবি ব্যবহার করা হয়েছিল। বাংলাদেশের রাজনৈতিক দল জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রতীকের সঙ্গে এর মিল থাকায় বিষয়টি নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। এর পরিপ্রেক্ষিতেই প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।
যেভাবে দাঁড়িপাল্লা এলো প্রজ্ঞার প্রতীকে
ইংরেজি শব্দ ‘উইজডম’ (Wisdom)-এর বাংলা অর্থ ‘প্রজ্ঞা’। তবে ২০২৫ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণির আইসিটি বইয়ে শব্দটির বাংলা অর্থ হিসেবে ‘বুদ্ধি’ লেখা হয়েছিল। তখন এই স্তরের প্রতীক ছিল দাঁড়িপাল্লা।
২০২৬ শিক্ষাবর্ষের বইয়ে ‘বুদ্ধি’র প্রতীক পরিবর্তন করে দাঁড়িপাল্লার পরিবর্তে মস্তিষ্কের ছবি যুক্ত করা হয়। পরে ২০২৭ শিক্ষাবর্ষের বই পরিমার্জনের সময় সংশ্লিষ্ট কমিটি ‘বুদ্ধি’র পরিবর্তে ‘প্রজ্ঞা’ শব্দটি ব্যবহারের সুপারিশ করে।
তবে প্রতীক হিসেবে মস্তিষ্ক রাখার কথা থাকলেও পরিমার্জিত বইয়ে আবারও দাঁড়িপাল্লার ছবি যুক্ত করা হয়। এতে ‘প্রজ্ঞা’র প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ফিরে আসায় নতুন করে বিতর্ক তৈরি হয়। শেষ পর্যন্ত ২০২৭ শিক্ষাবর্ষের বইয়ে জ্ঞানের চারটি স্তরের সঙ্গে কোনো প্রতীক না রাখার সিদ্ধান্ত নিয়েছে এনসিটিবি।