
৫১তম বিশেষ বিসিএসে আবেদন করার সুযোগ পাচ্ছেন সরকারি চাকরিতে আগ্রহী চিকিৎসকেরা। আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হবে। স্বাস্থ্য ক্যাডারের দুটি পদে এবার মোট ৫ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে।
গত ২৪ সেপ্টেম্বর ৫১তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্বাস্থ্য ক্যাডারে সহকারী সার্জন পদে ৪ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন নিয়োগ দেওয়া হবে।
পিএসসি জানিয়েছে, ১ অক্টোবর সকাল ১০টা থেকে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না। তবে ২৫ অক্টোবর সন্ধ্যা ৬টার মধ্যে আবেদন ফরম পূরণ করে ইউজার আইডি পাওয়া প্রার্থীরা পরবর্তী ৭২ ঘণ্টা, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদন ফি জমা দেওয়ার সুযোগ পাবেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, একজন প্রার্থী একাধিক আবেদন ফরম পূরণ করতে পারবেন না।
৫১তম বিশেষ বিসিএসে আবেদনের জন্য ২০২৬ সালের ১ সেপ্টেম্বর প্রার্থীর বয়স ২১ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে। সরকারের অনুমতি ছাড়া কোনো প্রার্থী বিদেশি নাগরিককে বিয়ে করলে বা বিয়ের প্রতিশ্রুতিবদ্ধ হলে তিনি আবেদনের অযোগ্য বিবেচিত হবেন।
সহকারী সার্জন পদে আবেদনের জন্য প্রার্থীর এমবিবিএস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। অন্যদিকে, সহকারী ডেন্টাল সার্জন পদে আবেদন করতে বিডিএস বা সমমানের ডিগ্রি প্রয়োজন।
পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে নির্ধারিত যোগ্যতা থাকা প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন ফি পরিশোধ করতে বলা হয়েছে।