
নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের মান যাচাই করতে রাজধানীর ছয়টি প্রেস পরিদর্শন করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল মিলন।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর কোনো পূর্বঘোষণা ছাড়াই তিনি এসব প্রেসে পরিদর্শনে যান।
পরিদর্শন করা প্রেসগুলো হলো—মৌসুমী অফসেট প্রেস, ফায়িজা প্রিন্টিং প্রেস, শৈলী প্রিন্টার্স, বর্ণশিখা অফসেট প্রিন্টার্স, সোনালী ওয়েব প্রিন্টার্স ও ন্যাশনাল প্রিন্টার্স।
পরিদর্শনের সময় শিক্ষামন্ত্রী পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন। এ সময় তিনি বইয়ের কাগজের মান, ছাপার গুণগত মান এবং সার্বিক অগ্রগতি যাচাই করেন।
শিক্ষার্থীদের হাতে নির্ধারিত সময়ে মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন তিনি। একই সঙ্গে বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন শিক্ষামন্ত্রী।