
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশন নিয়ে অনলাইনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
সোমবার (১৭ আগস্ট) সকাল ১০টা থেকে শুরু হওয়া এই ভোটগ্রহণ চলবে বুধবার (১৯ আগস্ট) রাত ১০টা পর্যন্ত। অর্থাৎ মোট ৬০ ঘণ্টা ভোট দেওয়ার সুযোগ পাবেন শিক্ষার্থীরা।
জানা গেছে, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া লিংকের মাধ্যমে শিক্ষার্থীরা ভোট দিতে পারবেন। এ ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাটাবেজে পরীক্ষার সময় যে ফোন নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করা হয়েছিল, সেই নম্বরেই ওটিপি (OTP) পাঠানো হবে। একটি ফোন নম্বর থেকে একবারই ভোট দেওয়া যাবে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ভোট দেওয়ার সময় শিক্ষার্থীর পরিচয় শনাক্ত এবং তথ্যের যথার্থতা নিশ্চিত করতে নাম, কলেজ, বিভাগ, শিক্ষাবর্ষ, রেজিস্ট্রেশন নম্বর, ফোন নম্বর, জন্মতারিখসহ প্রয়োজনীয় তথ্য সঠিকভাবে দিতে হবে। শিক্ষার্থীদের কাছ থেকে পাওয়া মতামত যথাযথ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করা হবে এবং চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের সময় এসব মতামত বিবেচনায় নেওয়া হবে। পাশাপাশি সংগৃহীত তথ্য গোপন রাখা হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২১-২২, ২০২২-২৩ ও ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংশ্লিষ্ট একাডেমিক প্রোগ্রামে মাইগ্রেশনের বিষয়ে সর্বাধিক সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করা এবং মতামত গ্রহণের প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও নিরাপদ করার লক্ষ্যেই অনলাইনে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কর্তৃপক্ষ।
এর আগে সরাসরি বা অফলাইনে শিক্ষার্থীদের মতামত নেওয়ার কথা থাকলেও পরে অনলাইনে মতামত বা ভোট গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।