
জনগণের স্বস্তি নিশ্চিত করতে সরকারের কার্যক্রম অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, জনগণকে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। একই সঙ্গে দেশের বিদ্যমান সংকট নিরসনেও তিনি বিভিন্ন উদ্যোগ নিচ্ছেন।
সোমবার রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন রুহুল কবির রিজভী। বর্তমান সরকারের ছয় মাস পূর্তি উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরকারের ছয় মাস বা ১৮০ দিনের কর্মকাণ্ডের বিষয়ে অনুষ্ঠানে একটি ধারণাপত্র উপস্থাপন করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ইসমাইল জবিউল্লাহ, তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী ও অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।