
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল ২০ জুলাই প্রকাশ হচ্ছে না। ফল প্রকাশের জন্য এখনো কোনো চূড়ান্ত বা সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়নি। তবে শিক্ষা বোর্ডগুলোর আশা, চলতি জুলাই মাসের মধ্যেই ফল প্রকাশ করা সম্ভব হবে।
শনিবার (১৮ জুলাই) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।
তিনি একটি গণমাধ্যমকে বলেন, শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন ২০ জুলাইয়ের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নির্ধারণ করেছিলেন। সে অনুযায়ী শিক্ষা বোর্ডগুলো প্রয়োজনীয় প্রস্তুতিও নিয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন জরুরি প্রশাসনিক কাজে ব্যস্ত থাকায় ফল প্রস্তুতের কাজে প্রত্যাশিত সময় দেওয়া সম্ভব হয়নি। এ কারণে ফল প্রকাশে আরও কয়েকদিন সময় লাগবে। তবে বিলম্ব খুব বেশি হবে না।
চলতি মাসের মধ্যেই ফল প্রকাশ সম্ভব হবে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আশা করছি পারব। ইনশাআল্লাহ এই মাসের মধ্যেই আমাদের কাজ গুছিয়ে ফল প্রকাশ করতে পারব।’
এর আগে গত ১৫ জুন আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছিলেন, ২০ জুলাইয়ের মধ্যে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে তিনি বলেছিলেন, চলতি বছরের এইচএসসি পরীক্ষার ফলও পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যে প্রকাশ করা হবে।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে নিবন্ধিত পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন। এর মধ্যে ছাত্র ৯ লাখ ৩০ হাজার ৩০৫ জন এবং ছাত্রী ৯ লাখ ২৭ হাজার ৩৯ জন। পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন বা নকলের অভিযোগে ২০৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
রেডফ্ল্যাগ শব্দ: নেই