
শুধু মেধা ও কারিগরি দক্ষতা অর্জন করাই প্রকৌশল শিক্ষার্থীদের একমাত্র লক্ষ্য হওয়া উচিত নয়; দেশ ও জাতির কল্যাণে তাদের সৎ, নৈতিক ও দায়িত্বশীল মানবসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ।
আজ রাজধানীর মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি)-তে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাডেমিক কার্যক্রম শুরুর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ইউজিসি চেয়ারম্যান বলেন, "মেধা ও দক্ষতার সঙ্গে নৈতিকতা, সততা, দেশপ্রেম এবং মানবিক মূল্যবোধের সমন্বয় ঘটলে তা ব্যক্তি, সমাজ ও রাষ্ট্র—সবার জন্যই কল্যাণকর হবে। বাংলাদেশের টেকসই উন্নয়ন, প্রযুক্তিনির্ভর অর্থনীতি এবং বৈশ্বিক প্রতিযোগিতায় এগিয়ে যেতে দক্ষ প্রকৌশলীর পাশাপাশি নৈতিক নেতৃত্বসম্পন্ন পেশাজীবীর অত্যন্ত প্রয়োজন।" দুর্নীতিমুক্ত, জবাবদিহিমূলক ও উদ্ভাবনবান্ধব সমাজ গঠনে তিনি প্রকৌশলীদের অগ্রণী ভূমিকা পালন করার আহ্বান জানান।
উচ্চশিক্ষার মান নিয়ে উদ্বেগ প্রকাশ করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, "দেশে বর্তমানে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয়ে প্রায় ৫০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। উচ্চশিক্ষা খাতের পরিধি বাড়লেও সেই অনুপাতে শিক্ষার মান বাড়েনি।" এই পরিস্থিতি থেকে উত্তরণে ইউজিসি দক্ষতাভিত্তিক (স্কিলভিত্তিক) শিক্ষা, গবেষণার সুযোগ সম্প্রসারণ এবং মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে বলে তিনি জানান।
এমআইএসটি-এর সুশৃঙ্খল পরিবেশের প্রশংসা করে তিনি আরও বলেন, "সামরিক বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এই স্বনামধন্য প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও পেশাগত উৎকর্ষের চর্চা বিশেষভাবে গুরুত্ব পায়। তবে শৃঙ্খলার পাশাপাশি শিক্ষার্থীদের সৃজনশীলতা, সামাজিক সম্পৃক্ততা ও ব্যক্তিত্ব বিকাশের ক্ষেত্রেও সমান গুরুত্ব দেওয়া প্রয়োজন।"
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এমআইএসটির কমান্ড্যান্ট মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামন জানান, প্রতিষ্ঠানটিতে আউটকাম বেইজড এডুকেশন (ওবিই) কারিকুলামের আওতায় পাঠদান করা হয়, যা শিক্ষার্থীদের কর্মজীবনে প্রতিযোগিতামূলক সক্ষমতা বাড়াচ্ছে। ভবিষ্যতে আধুনিক গবেষণাগার স্থাপন, আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ এবং শিক্ষক-শিক্ষার্থীদের আবাসন সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন কর্নেল মো. শাহাব উদ্দিন এবং কর্নেল মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা এবং নবীন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।