
প্রাথমিক শিক্ষাকে আরও আনন্দমুখর ও কার্যকর করতে খেলাধুলাভিত্তিক ও গল্পভিত্তিক শিক্ষার ওপর গুরুত্বারোপ করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। একইসঙ্গে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার পরিকল্পনার কথাও জানিয়েছেন তিনি।
সোমবার (১৩ এপ্রিল) রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টারে ‘প্রাথমিক শিক্ষা সংস্কার : কৌশলগত পথনির্দেশনা’ শীর্ষক নীতি সংলাপে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নির্দেশনায় বছরে একবার শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে দেশের সব প্রাথমিক বিদ্যালয়ে এই সুবিধা চালু করা হবে। পাশাপাশি বেশ কিছু বিদ্যালয়ে ইতোমধ্যে মিডডে মিল চালু হয়েছে এবং আগামী বছরের মধ্যে সব প্রাথমিক বিদ্যালয়ে তা বাস্তবায়নের লক্ষ্য রয়েছে।
শিক্ষার মানোন্নয়নে ‘থ্রি সি’—কারিকুলাম, ক্লাসরুম ও কনসিসটেন্সির ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বর্তমান কারিকুলামে কিছু ঘাটতি রয়েছে। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, অনেক শিক্ষার্থী বই থেকে সাবলীলভাবে পড়তে পারে না। তাই শিক্ষার্থীদের উপযোগী করে পাঠ্যবিষয় সহজ ও বোধগম্য করার ওপর জোর দেন তিনি।
যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে প্রাথমিক ও প্রি-প্রাইমারি পর্যায়ে প্লে-বেইজড (খেলাধুলাভিত্তিক) ও স্টোরিটেলিং-বেইজড (গল্পভিত্তিক) শিক্ষা চালুর পরিকল্পনার কথা জানান প্রতিমন্ত্রী। তবে হঠাৎ করে তা বাস্তবায়ন না করে ধাপে ধাপে পাইলটিং, প্রশিক্ষণ ও মূল্যায়নের মাধ্যমে কারিকুলাম হালনাগাদ করা হবে বলে তিনি উল্লেখ করেন।
সহশিক্ষা কার্যক্রমেও গুরুত্ব দিয়ে তিনি বলেন, প্রতিটি স্কুলে ৬-৭টি খেলাধুলা অন্তর্ভুক্ত করতে ক্রীড়া মন্ত্রণালয়ের সঙ্গে কাজ চলছে। পাশাপাশি নাচ, গান ও অভিনয় শেখাতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতাও নেওয়া হচ্ছে।
শিক্ষকদের প্রশিক্ষণের কার্যকারিতা বাড়ানোর ওপর জোর দিয়ে প্রতিমন্ত্রী বলেন, পিটিআই-এর ১০ মাস মেয়াদি প্রশিক্ষণের কনটেন্ট ভালো হলেও বাস্তবে তার প্রয়োগ কম দেখা যায়। তাই প্রশিক্ষণকে আরও কার্যকর ও বাস্তবমুখী করার উদ্যোগ নেওয়া হবে।
সংলাপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবু নূর মো. শামসুজ্জামান, দেবব্রত চক্রবর্তী এবং আসিফ সালেহ্সহ সংশ্লিষ্টরা।