
ঢালিউড অভিনেতা আরিফিন শুভ তার বিরুদ্ধে ছড়ানো জমি বরাদ্দের গুঞ্জনকে স্পষ্টভাবে অস্বীকার করেছেন। তিনি জানান, তাকে কোনো জমি দেওয়া হয়নি এবং এ বিষয়ে যে প্রচারণা হয়েছে তা পুরোপুরি ভিত্তিহীন।
বহুল আলোচিত ‘মুজিব’ সিনেমায় অভিনয়ের পর মাত্র ১ টাকা পারিশ্রমিক নেওয়া এবং এর বিনিময়ে ১০ কাঠার প্লট পাওয়া গেছে বলে যে আলোচনা ছিল, সে প্রসঙ্গে শুভ বলেন, ‘আমাকে কোনো জমি দেওয়া হয়নি। আমি কেবল আবেদন করেছিলাম, যা আরও ১৫১ জন শিল্পী করেছিলেন। ১ টাকা পারিশ্রমিক নেওয়ার বিষয়টি ছিল আমার বাবার মুক্তিযোদ্ধা পরিচয়ের প্রতি আবেগ থেকে। আর জমির আবেদনটি ছিল ভবিষ্যতের নিরাপত্তার কথা ভেবে। তবে সেই জমির কোনো রেজিস্ট্রেশন হয়নি, আমি সেখানে যাইনি বা কোনোভাবে তা গ্রহণও করিনি।’
তিনি আরও জানান, ২০২৪ সাল তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলোর একটি ছিল। একই বছরে তিনি মাকে হারান এবং দীর্ঘদিনের দাম্পত্য জীবনেরও ইতি ঘটে। এই সময়ের মধ্যেই তিনি নানা ধরনের সমালোচনা ও ‘মিডিয়া ট্রায়াল’-এর মুখোমুখি হন বলেও দাবি করেন।
রাজনীতি নিয়ে নিজের অবস্থান পরিষ্কার করে শুভ বলেন, তিনি কখনোই রাজনৈতিকভাবে যুক্ত ছিলেন না এবং তার পরিচয় কেবল একজন অভিনয়শিল্পী হিসেবেই। ‘মুজিব’ সিনেমায় কাজ করার কারণেই তাকে টার্গেট করা হয়েছে বলে মনে করেন তিনি, তবে তার বিরুদ্ধে রাজনৈতিক সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই বলেও মন্তব্য করেন।
ব্যক্তিগত জীবনের সংগ্রাম তুলে ধরে শুভ তার মায়ের দীর্ঘদিনের অসুস্থতা ও সেবার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মায়ের ৯ বছরের ত্যাগ ও পরিশ্রমই তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা বলে জানান তিনি। একই সঙ্গে দেশের মানসিক স্বাস্থ্য সচেতনতা নিয়েও আক্ষেপ প্রকাশ করেন এই অভিনেতা।
ক্যারিয়ারের নতুন অধ্যায়ে মুম্বাইয়ের একটি কাস্টিং এজেন্সির মাধ্যমে দীর্ঘ অডিশনের পর তিনি নতুন প্রজেক্ট ‘সিটি’-তে যুক্ত হয়েছেন। মুক্তিযুদ্ধ ও কলকাতার সংগীত সংস্কৃতি ঘিরে নির্মিত এই কাজ নিয়ে তিনি আশাবাদী। ভবিষ্যতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য কাজ করার ইচ্ছাও ব্যক্ত করেন তিনি।