
আসন্ন রমজানে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানি, তিনটি দেশ থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এসব কার্যক্রমসহ মোট পাঁচটি প্রস্তাবে নীতিগত অনুমোদনের সুপারিশ করেছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সচিবালয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত কমিটির চলতি বছরের ৩৭তম সভায় এসব সুপারিশ করা হয়। সভায় মোট পাঁচটি প্রস্তাব উপস্থাপন করা হয়। এর মধ্যে তিনটি প্রস্তাব আসে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে। বাকি দুটি প্রস্তাবের একটি বাণিজ্য মন্ত্রণালয় এবং অন্যটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের।
মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, তিনটি প্রতিষ্ঠান থেকে এলএনজি কেনার প্রস্তাবে নীতিগত সুপারিশ করেছে কমিটি। প্রতিষ্ঠানগুলো হলো জাপানের জেরা গ্লোবাল মার্কেটস পিটিই লিমিটেড (জেরাগম), সংযুক্ত আরব আমিরাতের এডিএনওসি ট্রেডিং লিমিটেড এবং নাইজেরিয়ার ওজিমাডু অ্যান্ড মারিটেস অয়েল মার্কেটিং নাইজেরিয়া লিমিটেড/উজি জেমস বিহাইভ।
সরকারি ক্রয় আইন, ২০০৬-এর ৬৮ ধারা এবং সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ৯৯(২) বিধি অনুসরণ করে সরাসরি ক্রয় পদ্ধতিতে এসব এলএনজি কেনার সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া জেরাগমের সঙ্গে পেট্রোবাংলার স্বল্পমেয়াদি এলএনজি বিক্রয় ও ক্রয় চুক্তি (এসপিএ) এবং টার্ম শিটের চূড়ান্ত খসড়ায় স্বাক্ষরের প্রস্তাবও সভায় তোলা হয়।
অন্যদিকে, আসন্ন রমজানে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভোক্তাদের মধ্যে বিতরণের জন্য আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ৬ হাজার ২০০ মেট্রিক টন খেজুর আমদানির প্রস্তাবে নীতিগত সুপারিশ দেওয়া হয়েছে।
জরুরি জাতীয় প্রয়োজনের বিষয়টি বিবেচনায় নিয়ে খেজুর আমদানির দরপত্র প্রস্তুত ও জমা দেওয়ার জন্য নির্ধারিত সময় কমানোর প্রস্তাবেও অনুমোদনের সুপারিশ করেছে কমিটি। এ ক্ষেত্রে সরকারি ক্রয়বিধিমালা, ২০২৫-এর ১০২(১)(ক) বিধি অনুসরণের কথা বলা হয়েছে।
এদিকে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপনের কাজ সরাসরি ক্রয় পদ্ধতিতে সম্পন্ন করার প্রস্তাবেও নীতিগত সুপারিশ করেছে কমিটি। ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় এ কার্যক্রম বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।