
সেপ্টেম্বরের শেষ দিকে এসে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে সামান্য পতন হয়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৬ হাজার ১৪৫ দশমিক ৪৮ মিলিয়ন বা প্রায় ৩৬ দশমিক ১৪ বিলিয়ন মার্কিন ডলার।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেইন রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের যৌথ পরিচালক মোহাম্মদ ইব্রাহিম মুনসী স্বাক্ষরিত হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম৬ হিসাবপদ্ধতি অনুযায়ী দেশের রিজার্ভের পরিমাণ ৩১ হাজার ২৯৮ দশমিক ২৩ মিলিয়ন বা প্রায় ৩১ দশমিক ৩০ বিলিয়ন ডলার।
এর আগে ২০ সেপ্টেম্বর দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ৩৬ হাজার ৩০৮ দশমিক ৯৮ মিলিয়ন বা ৩৬ দশমিক ৩০ বিলিয়ন ডলার। সে সময় বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩১ হাজার ৪৫২ দশমিক ৮৩ মিলিয়ন বা ৩১ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
অর্থাৎ ২০ সেপ্টেম্বরের তুলনায় ২৯ সেপ্টেম্বর গ্রস রিজার্ভ কমেছে প্রায় ১৬৩ দশমিক ৫০ মিলিয়ন বা ১৬ কোটি ৩৫ লাখ ডলার। একই সময়ে বিপিএম৬ হিসাবেও রিজার্ভ কমেছে প্রায় ১৫৪ দশমিক ৬০ মিলিয়ন বা ১৫ কোটি ৪৬ লাখ ডলার।
এদিকে, বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরের প্রথম ২০ দিনে দেশে ১৮৭ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর—এই তিন দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১৩ কোটি ডলার।
গত বছরের সেপ্টেম্বরের প্রথম ১৯ দিনে দেশে ১৮৬ কোটি ৯০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।