
দেশের রফতানি খাতকে শক্তিশালী করার লক্ষ্যে বাজার ও পণ্যের একক নির্ভরতা হ্রাস এবং বৈচিত্র্য আনার জন্য "রফতানি বৈচিত্র্যকরণ পুনঃঅর্থায়ন স্কিম"-এর অধীনে পুনঃঅর্থায়ন সুবিধা পেতে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ ব্যাংকের সাথে একটি অংশগ্রহণমূলক চুক্তি স্বাক্ষর করেছে।
বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক জনাব এ.কে.এম নূরুন্নবী এবং ডাচ-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মো. এহতেশামুল হক খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিটি স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই চুক্তির মূল উদ্দেশ্য হলো রফতানি পণ্যে বৈচিত্র্য আনা এবং নতুন বাজার সৃষ্টির মাধ্যমে দেশের রফতানি খাতকে আরও শক্তিশালী করা। এই চুক্তির আওতায় ডাচ-বাংলা ব্যাংক তার রফতানিমুখী গ্রাহকদের তুলনামূলক কম সুদে পুনঃঅর্থায়ন সুবিধা প্রদান করতে পারবে।