
বিদেশ ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের বার্ষিক ডলার খরচের সীমা ১২ হাজার থেকে বাড়িয়ে ১৮ হাজার মার্কিন ডলার করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়মে একজন প্রাপ্তবয়স্ক নাগরিক বছরে সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন।
রোববার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত একটি পরিপত্র জারি করে সব অনুমোদিত ডিলারকে বিষয়টি জানিয়েছে।
বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগের পরিচালক (চলতি দায়িত্ব) ড. মো. আবু বকর সিদ্দিক স্বাক্ষরিত সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের বিদেশ ভ্রমণের প্রকৃত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের ক্রমবর্ধমান প্রয়োজন বিবেচনায় নিয়ে বার্ষিক এনডোর্সমেন্টের সীমা বাড়ানো হয়েছে।
তবে অপ্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে আগের নিয়মই বহাল থাকছে। ১২ বছরের কম বয়সীরা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত বৈদেশিক মুদ্রা খরচ করতে পারবেন।
নতুন নির্দেশনায় নগদ ডলার বহনের ক্ষেত্রেও সীমা নির্ধারণ করা হয়েছে। অনুমোদিত বার্ষিক সীমার মধ্যে একজন যাত্রী সর্বোচ্চ ৫ হাজার মার্কিন ডলার নগদ নোট সঙ্গে নিতে পারবেন। এর বেশি বৈদেশিক মুদ্রা কার্ড বা অন্য বৈধ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে ব্যবহার করতে হবে।
পরিপত্রে আরও জানানো হয়েছে, বিদেশ ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা অবমুক্তকরণের অন্যান্য নিয়ম ও নির্দেশনা আগের মতোই কার্যকর থাকবে। নতুন নির্দেশনা অবিলম্বে সব অনুমোদিত ডিলার ও সংশ্লিষ্ট গ্রাহকদের অবহিত করার জন্য বলা হয়েছে।