
সম্মিলিত ইসলামী ব্যাংকে ব্যক্তি আমানতকারীদের জমা অর্থের মূল অংশ ফেরত পাওয়ার জন্য আবেদন করার শেষ সুযোগ আজ রোববার (৬ সেপ্টেম্বর)। আগামীকাল সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়ার প্রক্রিয়া শুরু হবে।
প্রাথমিক পর্যায়ে গ্রাহকেরা নিজেদের হিসাবে জমা থাকা সম্পূর্ণ মূল অর্থ বা প্রিন্সিপাল অ্যামাউন্ট একবারে উত্তোলন কিংবা নগদায়ন করতে পারবেন। তবে ফেরত নেওয়া এই মূল অর্থের ওপর কোনো মুনাফা প্রদান করা হবে না।
টাকা ফেরত পেতে গ্রাহকদের নিজ নিজ শাখা অথবা উপশাখায় আবেদন জমা দিতে হচ্ছে। পরে সংশ্লিষ্ট শাখা থেকে আবেদনগুলো ব্যাংকের প্রধান কার্যালয়ে পাঠানো হবে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী প্রয়োজনীয় নগদ অর্থের ব্যবস্থা করে তা সংশ্লিষ্ট শাখায় পাঠানোর পর সেখান থেকেই আমানতকারীদের টাকা ফেরত দেওয়া হবে।
যেসব হিসাব থেকে মূল টাকা তোলা যাবে
ব্যাংকের নির্দেশনা অনুসারে, আল-ওয়াদিয়া চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব, এমটিডিআর ও ডিপিএসসহ বিভিন্ন ধরনের হিসাবের বিপরীতে জমা থাকা মূল অর্থ গ্রাহকেরা উত্তোলন করতে পারবেন।
তবে কোনো গ্রাহক হিসাব বন্ধ না করে সেটি চালু রাখলে সংশ্লিষ্ট চুক্তিতে নির্ধারিত হারে মুনাফা পাওয়ার সুযোগ থাকবে। ব্যাংকের সামগ্রিক কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরলে মুনাফাসহ যেকোনো পরিমাণ অর্থ জমা ও উত্তোলন করার সুযোগও পাওয়া যাবে।
৩১ আগস্ট নির্দেশনা, ১ সেপ্টেম্বর থেকে আবেদন
এর আগে গত ৩১ আগস্ট বাংলাদেশ ব্যাংকের ব্যাংক রেজল্যুশন ডিপার্টমেন্ট আমানতকারীদের অর্থ উত্তোলন নিয়ে নির্দেশনা জারি করে। এর পরিপ্রেক্ষিতে পাঁচটি সংকটাপন্ন ইসলামী ব্যাংক একীভূত করে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি হিসাবধারীদের কাছ থেকে মূল আমানত ফেরত নেওয়ার আবেদন গ্রহণ শুরু করে।
ব্যাংকটির দেওয়া তথ্য অনুযায়ী, আবেদন গ্রহণের প্রথম দিনেই প্রায় ১৮ হাজার আমানতকারী অর্থ উত্তোলনের জন্য আবেদন করেন। এসব আবেদনের মাধ্যমে প্রায় ১ হাজার ৩০০ কোটি টাকা ফেরত চাওয়া হয়েছে।