
বিশ্বসুন্দরীর মুকুট এবার উঠেছে ডমিনিকান রিপাবলিকের মাথায়। বিশ্বের শতাধিক প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ওয়ার্ল্ড ২০২৬-এর শিরোপা জিতেছেন দেশটির সুন্দরী জোহেইরি মোলা।
শনিবার (৫ সেপ্টেম্বর) ভিয়েতনামের মনোরম শহর না ট্রাংয়ে বসে বিশ্বসুন্দরী প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফাইনাল। অনুষ্ঠানে বিদায়ী মিস ওয়ার্ল্ড, থাইল্যান্ডের ওপাল সুচাতা চুয়াংস্রি, নতুন বিশ্বসুন্দরী জোহেইরি মোলার মাথায় বিজয়ের মুকুট পরিয়ে দেন।
প্রতিযোগিতায় প্রথম রানার-আপ হয়েছেন স্পেনের এলিসাবেথ রেনেস। আর দ্বিতীয় রানার-আপ নির্বাচিত হয়েছেন মালয়েশিয়ার তানুসিয়া শেঠি।
ভিয়েতনামের খান হোয়া প্রদেশের না ট্রাং শহরে আয়োজিত এবারের আসরে বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিযোগীরা অংশ নেন। সৌন্দর্যের পাশাপাশি মেধা, ব্যক্তিত্ব ও মানবসেবার অঙ্গীকারও উঠে আসে প্রতিযোগিতার বিভিন্ন পর্বে।
চূড়ান্ত ছয়ে জায়গা করে নেওয়া প্রতিযোগীরা ছয়টি ভিন্ন অঞ্চল ও অর্জনের প্রতিনিধিত্ব করেন। তারা হলেন—পিপলস চয়েস বিজয়ী ইরিত্রিয়ার স্নিথ হাবতেয়াব, ইউরোপের প্রতিনিধি স্পেনের এলিসাবেথ রেনেস, ‘বিউটি উইথ আ পারপাস’ বিজয়ী মালয়েশিয়ার তানুসিয়া শেঠি, এশিয়া ও ওশেনিয়ার প্রতিনিধি ভিয়েতনামের লে নগুয়েন বাও এনগোক, আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের বিজয়ী ডমিনিকান রিপাবলিকের জোহেইরি মোলা এবং আফ্রিকার প্রতিনিধি দক্ষিণ আফ্রিকার রোমান্দা হোমবির।
১৯৫১ সালে যুক্তরাজ্যে প্রখ্যাত আয়োজক এরিক মরলি এই প্রতিযোগিতার সূচনা করেন। এরপর থেকে এটি বিশ্বের সবচেয়ে পুরোনো আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা হিসেবে পরিচিতি পেয়েছে। তবে এখানে শুধু বাহ্যিক সৌন্দর্য নয়, বিভিন্ন চ্যালেঞ্জে পারফরম্যান্স, ব্যক্তিত্ব যাচাইয়ের ব্যক্তিগত সাক্ষাৎকার এবং সরাসরি মঞ্চে উপস্থিত বুদ্ধি ও সাধারণ জ্ঞানের মতো বিষয়ও মূল্যায়নের অংশ।
এবারের আসরে মোট ১১১ জন প্রতিযোগী অংশ নেন। তাদের আফ্রিকা, আমেরিকা ও ক্যারিবিয়ান, ইউরোপ এবং এশিয়া ও ওশেনিয়া—এই চারটি মহাদেশীয় অঞ্চলে ভাগ করা হয়।
প্রাথমিক বিভিন্ন চ্যালেঞ্জে পারফরম্যান্সের ভিত্তিতে প্রথমে শীর্ষ ৪০ প্রতিযোগীকে কোয়ার্টার ফাইনালের জন্য বেছে নেয় সিলেকশন কমিটি। এরপর প্রতিযোগীদের মধ্য থেকে ধাপে ধাপে শীর্ষ ২০ এবং শীর্ষ ১২ নির্বাচন করা হয়। সেখান থেকে চূড়ান্ত লড়াইয়ের জন্য জায়গা করে নেন সেরা ছয়জন। পরে তাদের মধ্য থেকেই বিজয়ী ও দুই রানার-আপের নাম ঘোষণা করা হয়।
এবারের আসরে ছিল বেশ কিছু নতুনত্বও। প্রথমবারের মতো মিস ওয়ার্ল্ডের মঞ্চে অংশ নেয় ফ্রেঞ্চ গায়ানা, ইরিত্রিয়া, মোজাম্বিক, পাকিস্তান ও মালদ্বীপের প্রতিযোগীরা।
অন্যদিকে, ব্যক্তিগত ও প্রযুক্তিগত কারণে শেষ মুহূর্তে প্রতিযোগিতা থেকে সরে দাঁড়ান ইকুয়েডরের সামান্থা কুয়েনেদিত, আর্মেনিয়ার মনিকা হারুতজুনজান এবং টোগোর নাদিরাতু আফোলাবি।
বিশ্বের বিভিন্ন দেশের সুন্দরীদের এই আন্তর্জাতিক আয়োজনের পরবর্তী আসরের আয়োজক দেশের নামও ঘোষণা করা হয়েছে। মিস ওয়ার্ল্ডের ৭৪তম সংস্করণ অনুষ্ঠিত হবে পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায়।