
প্রবাসী আয়ের প্রবাহে বড় উল্লম্ফন দেখা দিয়েছে চলতি আগস্টে। মাসের প্রথম ২৯ দিনেই দেশে ২৬৬ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। বর্তমান বিনিময় হার অনুযায়ী প্রতি ডলার ১২৩ টাকা ধরে স্থানীয় মুদ্রায় এর পরিমাণ দাঁড়ায় ৩২ হাজার ৮২৮ কোটি ৭০ লাখ টাকা।
রোববার (৩০ আগস্ট) এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, গত বছরের একই সময়ের তুলনায় চলতি আগস্টে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২৫ সালের ১ থেকে ২৯ আগস্ট দেশে রেমিট্যান্স এসেছিল ২১৮ কোটি ২০ লাখ ডলার। চলতি বছরের একই সময়ে এসেছে ২৬৬ কোটি ৯০ লাখ ডলার। ফলে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ২২ দশমিক ৩০ শতাংশ, অর্থাৎ ৪৮ কোটি ৭০ লাখ ডলার।
অন্যদিকে, চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশে মোট রেমিট্যান্স এসেছে ৫৫২ কোটি ৭০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময়ে এই পরিমাণ ছিল ৪৬৬ কোটি ডলার।
সে হিসাবে অর্থবছরের শুরু থেকে ২৯ আগস্ট পর্যন্ত এক বছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ১৮ দশমিক ৬ শতাংশ বা ৮৬ কোটি ৭০ লাখ ডলার।
ব্যাংকারদের ভাষ্য, বৈধ চ্যানেলে অর্থ পাঠাতে প্রবাসীদের আগ্রহ বৃদ্ধি, ব্যাংকিং সেবার সহজলভ্যতা এবং রেমিট্যান্স পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় দেশে প্রবাসী আয়ের প্রবাহ বাড়ছে। এ ধারা অব্যাহত থাকলে সামনে রেমিট্যান্স আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।