
সপ্তাহের শুরুতেই দেশের বাজারে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম কমেছে ৭ হাজার ১১৫ টাকা। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি সোনার গহনার নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার (২৯ আগস্ট) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের বৈঠকে দাম কমানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নতুন দাম শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুসের নির্ধারিত নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৬ হাজার ৮২৩ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের দাম কমেছে ৫ হাজার ৮৩২ টাকা, নতুন দাম ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার গহনার দাম ৪ হাজার ৭২৪ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
এর আগে ২০, ২২ ও ২৫ আগস্ট তিন দফায় ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম মোট ১০ হাজার ৯৬৪ টাকা বাড়ানো হয়েছিল। সর্বশেষ গত ২৫ আগস্ট সকাল ১০টা থেকে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৬৩৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৭ হাজার ৭৪৩ টাকা নির্ধারণ করা হয়।
একই সময়ে ২১ ক্যারেটের দাম ১ হাজার ৫৭৪ টাকা বাড়িয়ে ২ লাখ ৩৬ হাজার ৬০৪ টাকা, ১৮ ক্যারেটের দাম ১ হাজার ৩৪১ টাকা বাড়িয়ে ২ লাখ ৩ হাজার ১৮৭ টাকা এবং সনাতন পদ্ধতির দাম ১ হাজার ১০৮ টাকা বাড়িয়ে ১ লাখ ৬৫ হাজার ৯২০ টাকা করা হয়েছিল। শনিবার সকাল ৯টা ৫৯ মিনিট পর্যন্ত এসব দামেই সোনার গহনা বিক্রি হয়েছে।
এদিকে, সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা করা হয়েছে। ২১ ক্যারেটের দাম ১৭৫ টাকা কমে হয়েছে ৫ হাজার ৭৪ টাকা।
এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৫৯ টাকা কমিয়ে ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।