
ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(২) ধারায় পরিচালনা পর্ষদ বাতিলের আদেশের মেয়াদসংক্রান্ত বিধান সব ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে ১০ আগস্ট ২০২৬ তারিখে দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-২।
বাংলাদেশ ব্যাংকের চিঠিতে বলা হয়েছে, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১ (২০২৩ পর্যন্ত সংশোধিত)-এর ৪৭(২) ধারায় উল্লিখিত পরিচালনা পর্ষদ বাতিলের আদেশের মেয়াদসংক্রান্ত বিধান থেকে অব্যাহতি দেওয়ার বিষয়ে ১০ আগস্ট জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি ব্যাংকগুলোর অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, ব্যাংক-কোম্পানি আইন, ১৯৯১-এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে জানানো যাচ্ছে যে, আইনের ৪৭(২) ধারায় উল্লেখিত পরিচালনা পর্ষদ বাতিলের আদেশের মেয়াদসংক্রান্ত বিধান সব ব্যাংক-কোম্পানির ক্ষেত্রে সাধারণভাবে প্রযোজ্য হবে না।
বাংলাদেশ ব্যাংকের এ নির্দেশনার ফলে পরিচালনা পর্ষদ বাতিলের আদেশের মেয়াদসংক্রান্ত বিধান প্রয়োগের ক্ষেত্রে ব্যাংকভেদে পৃথক সিদ্ধান্ত নেওয়ার সুযোগ তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনের ভিত্তিতেই দেশের তফসিলি ব্যাংকগুলোকে এ বিষয়ে অবহিত করা হয়েছে। ব্যাংকগুলোকে নির্দেশনা অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।