
সন্ধ্যার পর থেকে দেশের বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা উন্নতি হতে পারে বলে আশাবাদ জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
বুধবার দুপুরে গণমাধ্যমকর্মীদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গতকাল সন্ধ্যা থেকে একটা কৌশল নিয়েছি, আশা করছি আজকে সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির কিছুটা হলেও উন্নতি হবে।’
মালয়েশিয়ার সঙ্গে আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে জ্বালানি প্রতিমন্ত্রী বলেন, ‘আমরা আশা করছি, অন্তত এক কার্গো এলএনজি আমরা পাব। আইএসও ট্যাংকের মাধ্যমে যদি এলএনজি আনতে হয়, এটি একটি প্রক্রিয়ার ব্যাপার। আপনারা জানেন, আইএসও ট্যাংক এভেইলেবল না।’
তিনি জানান, এলএনজি সরবরাহ নিশ্চিত করতে সরকারের হাতে থাকা সব বিকল্প নিয়েই কাজ করা হচ্ছে। অমিত বলেন, ‘আমাদের হাতে যতগুলো বিকল্প ছিল, আমরা সব বিকল্প নিয়ে কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘সরকারের কাছে অবশ্যই জনগণ মেসেজ জানতে চায়। মেসেজ দেওয়ার মতো জায়গায় যদি আমি থাকতাম, অবশ্যই দিতাম। শুধু আমি এটুকু বলবো, জনদুর্ভোগকে বিবেচনায় নিয়ে আমরা প্রাণান্তকর চেষ্টা করছি। আমার ধারণা, জনগণ বোঝেন আমাদের চেষ্টার ন্যূনতম কোনো ত্রুটি নেই।’
দেশে বিদ্যুতের নিজস্ব উৎপাদন রাতারাতি বাড়ানো সম্ভব নয় উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, এলএনজি সরবরাহের ক্ষেত্রে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছেও সহযোগিতা চেয়েছে।
অনিন্দ্য ইসলাম অমিত বলেন, ‘যখন ভুল নীতি আপনি গ্রহণ করবেন, এক সময় তার মাশুল দিতে হবে। বিগত সরকারগুলো কোনো মধ্য বা দীর্ঘমেয়াদি সমাধানের সূত্র খোঁজেননি। তাৎক্ষণিক সমাধানের পথে গেছেন বলেই আজকে হঠাৎ করে একটি সংকট হয়েছে, সেই সংকটের সময়টা আজকে এসেছে। আজকে না এলে হয়তো আগামীকাল আসতো, আগামীকাল না হলে হয়তোবা পরশুদিন আসতো। একটি সময় এই পরিস্থিতির মুখোমুখি আপনাকে-আমাকে হতেই হতো।’