
নির্বাচিত সরকারের অগ্রাধিকার ও বাস্তব প্রয়োজন বিবেচনায় রেখেই দেশের অর্থনৈতিক সংস্কার কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৬ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
অর্থমন্ত্রী জানান, একটি নির্দিষ্ট কর্মসূচির (প্রোগ্রাম) ভিত্তি কী হবে, সে বিষয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে। তার ভাষ্য, আগে যেসব নীতিগত বিষয় নির্ধারণ করা হয়েছে, সেগুলোর ওপর ভিত্তি করেই কর্মসূচি সাজানো হবে।
তিনি বলেন, নির্বাচিত সরকারের প্রতি যথাযথ সম্মান (রেসপেক্ট টু দ্য ইলেক্টেড গভর্নমেন্ট) বজায় রেখেই সংস্কার কার্যক্রম পরিচালিত হবে। একই সঙ্গে প্রয়োজন অনুযায়ী ধাপে ধাপে প্রয়োজনীয় পরিবর্তন আনা হবে।
আমির খসরু মাহমুদ চৌধুরী আরও বলেন, যখন যে সংস্কারের প্রয়োজন হবে, তখন সেটিই বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বাকি সংস্কারগুলোও সময়, প্রয়োজন এবং অগ্রাধিকারের ভিত্তিতে পর্যায়ক্রমে কার্যকর করা হবে।
তিনি বলেন, অর্থনৈতিক সংস্কার একযোগে নয়; বরং দেশের পরিস্থিতি, সরকারের নীতিগত অগ্রাধিকার এবং বাস্তব চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।