
রাশিয়ার সঙ্গে চলমান যুদ্ধের মধ্যেই ইউক্রেনের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন জ্বালানি খাতের শীর্ষ নির্বাহী সের্গেই কোরেৎস্কি। দেশটির পার্লামেন্ট তার নিয়োগ অনুমোদন করেছে। প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে যুদ্ধকালীন সময়ে তিনি ইউক্রেনের তৃতীয় প্রধানমন্ত্রী হচ্ছেন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। যুদ্ধ শুরুর পর এ পর্যন্ত দুই প্রধানমন্ত্রীর পর কোরেৎস্কিই দেশটির সরকার পরিচালনার দায়িত্ব নিচ্ছেন।
৪৮ বছর বয়সী সের্গেই কোরেৎস্কি পেশায় একজন প্রকৌশলী ও অর্থনীতিবিদ। এটি তার প্রথম সরকারি দায়িত্ব। এর আগে তিনি কখনও রাষ্ট্রীয় কোনো পদে ছিলেন না এবং কোনো রাজনৈতিক দলের সঙ্গেও তার সম্পৃক্ততা নেই।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিকভাবে নিরপেক্ষ অবস্থান এবং দক্ষ ব্যবস্থাপক হিসেবে পরিচিতিই তাকে এ দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে বাড়তি সুবিধা দিয়েছে। ইউক্রেনের পেন্টা থিংক ট্যাংকের পরিচালক ভলোদিমির ফেসেঙ্কোর মতে, দক্ষ প্রশাসনিক সক্ষমতা ও রাজনৈতিক নিরপেক্ষতার সমন্বয় কোরেৎস্কিকে প্রধানমন্ত্রীর দায়িত্বের জন্য উপযুক্ত করেছে।
জ্বালানি খাতে তার অভিজ্ঞতা দুই দশকেরও বেশি। তেল উৎপাদন, পরিশোধন, খুচরা ও পাইকারি জ্বালানি ব্যবস্থাপনা এবং আন্তর্জাতিক অর্থায়ন নিয়ে দীর্ঘ সময় কাজ করেছেন তিনি।
২০২৫ সালের মে মাস থেকে তিনি ইউক্রেনের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত জ্বালানি প্রতিষ্ঠান নাফতোগাজের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি দেশের গ্যাস উৎপাদন, আমদানি ও সরবরাহের বড় অংশ পরিচালনা করে। এর আগে তিনি নাফতোগাজ গ্রুপের অংশ ইউক্রনাফতার প্রধানের দায়িত্বেও ছিলেন।
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানে যোগ দেওয়ার আগে ওয়েস্টার্ন অয়েল গ্রুপ, কন্টিনিয়াম গ্রুপ এবং ইউক্রেনের অন্যতম বৃহৎ জ্বালানি স্টেশন চেইন ডব্লিউজিওজির প্রধান নির্বাহী হিসেবেও কাজ করেছেন কোরেৎস্কি।
পশ্চিম ইউক্রেনের লুতস্ক শহরে জন্ম নেওয়া কোরেৎস্কি একটি কফি চেইন ব্যবসাও প্রতিষ্ঠা করেছিলেন।
নতুন প্রধানমন্ত্রীর সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে আসন্ন শীত মৌসুমের প্রস্তুতিকে। কারণ, গত শীতে রাশিয়ার ব্যাপক হামলায় ইউক্রেনের জ্বালানি অবকাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছিল। একই সঙ্গে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরোধে প্রয়োজনীয় প্রতিরক্ষা সক্ষমতার ঘাটতিও এখন বড় উদ্বেগের বিষয়।
এ বিষয়ে বুধবার প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, ‘আসন্ন শীতের প্রস্তুতি নেওয়াই নতুন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে।’