
টানা মূল্যবৃদ্ধির পর দেশের বাজারে এবার স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা কমানো হয়েছে। ফলে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকা।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ সিদ্ধান্তের কথা জানায় বাজুস। নতুন মূল্য একই দিন দুপুর ১২টা ১৫ মিনিট থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি পর্যালোচনা করে ভ্যাটসহ স্বর্ণের নতুন দর নির্ধারণ করা হয়েছে।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৫ হাজার ২৯০ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৫ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৪ হাজার ৭৫৭ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫০ হাজার ৯৩২ টাকা।
এর আগে সর্বশেষ শুক্রবার (৩ জুলাই) স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। তখন প্রতি ভরিতে ৪ হাজার ৩৭৪ টাকা বৃদ্ধি করে ভ্যাটসহ ২২ ক্যারেটের স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। একই সময় ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৮ হাজার ২৯২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৭ হাজার ৪৪০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ছিল ১ লাখ ৫৩ হাজার ১৪৮ টাকা।
এ নিয়ে চলতি বছরে দেশের বাজারে স্বর্ণের দাম মোট ৮৭ বার সমন্বয় করা হলো। এর মধ্যে ৪৩ দফায় দাম বেড়েছে, ৪৩ দফায় কমেছে এবং একবার ভ্যাট সমন্বয় করা হয়েছে।