
স্ত্রীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে দায়ের হওয়া মামলায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূঁইয়া, যিনি জাহের আলভী নামে পরিচিত, তার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।
সোমবার (৬ জুলাই) ঢাকা মহানগর দায়রা জজ শাহজাহান কবির জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ।
শুনানিতে জাহের আলভীর পক্ষে আইনজীবী শেখ রোবায়েত ইসলাম জামিনের আবেদন জানান। তবে রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে। উভয় পক্ষের বক্তব্য শুনে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।
এর আগে, গত ৩০ জুন দুই দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছিল।
মামলার নথি অনুযায়ী, গত ১৮ জুন আত্মসমর্পণের পর আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে ২১ জুন তদন্ত কর্মকর্তা ১০ দিনের রিমান্ড আবেদন করলে আদালত ২৪ জুন দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়, গত ২৮ ফেব্রুয়ারি মিরপুর ডিওএইচএসের একটি বাসায় সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইকরাকে উদ্ধার করেন পরিবারের সদস্যরা। পরে বাড়ির মালিক ও স্বজনরা তাকে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। একই দিন রাতে ইকরার বাবা কবির হায়াত খান পল্লবী থানায় মামলা দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়, দীর্ঘদিনের পারিবারিক বিরোধ ও বিভিন্ন ধরনের নির্যাতনের কারণে ইকরা আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন।
জাহের আলভী ও ইকরা ২০১০ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের সংসারে একটি ছেলে সন্তান রয়েছে। এ মামলায় গত ৪ জুন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি আদালতে আত্মসমর্পণ করলে তিনি জামিন লাভ করেন।