
ব্যাংক হলিডে উপলক্ষে বুধবার (১ জুলাই) দেশের সব তফসিলি ব্যাংকে গ্রাহক পর্যায়ের সব ধরনের লেনদেন বন্ধ থাকবে। একই কারণে এদিন শেয়ারবাজারেও কোনো লেনদেন হবে না। তবে বাংলাদেশ ব্যাংকসহ তফসিলি ব্যাংকগুলোর প্রধান কার্যালয় এবং প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
প্রতিবছর ১ জুলাই ব্যাংক খাতে অর্ধবার্ষিক সমাপনী উপলক্ষে ব্যাংক হলিডে পালন করা হয়। এ সময় ব্যাংকগুলো বছরের প্রথম ছয় মাসের হিসাব-নিকাশ সম্পন্ন করে অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন প্রস্তুত করে। এ কার্যক্রম নির্বিঘ্নে সম্পন্ন করতেই দিনটিতে গ্রাহকসেবা ও লেনদেন বন্ধ রাখা হয়।
ব্যাংক বন্ধ থাকায় বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেন হবে না। কারণ পুঁজিবাজারের অধিকাংশ লেনদেন ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
এ ছাড়া প্রতিবছর ৩১ ডিসেম্বরও বার্ষিক হিসাব চূড়ান্ত করে আর্থিক প্রতিবেদন প্রস্তুতের জন্য ব্যাংক খাতে ব্যাংক হলিডে পালন করা হয়।