
ব্যাংক রেজল্যুশন আইনে পুরোনো মালিকদের আবারও ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ রাখা বিতর্কিত বিধানটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বিভিন্ন অংশীজনের সঙ্গে আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
সোমবার (২৯ জুন) দুপুরে জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এ ঘোষণা দেন।
অর্থমন্ত্রী জানান, ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর বহুল আলোচিত ১৮(এ) ধারা আর বহাল রাখা হবে না। এই ধারার মাধ্যমে একীভূত হওয়া বা একীভূতকরণের জন্য তালিকাভুক্ত ব্যাংকের সাবেক মালিকদের তুলনামূলক সহজ শর্তে পুনরায় ব্যাংকের নিয়ন্ত্রণ ফিরে পাওয়ার সুযোগ রাখা হয়েছিল।
আইনটির ওই বিধানকে অনেকেই সাবেক অন্তর্বর্তী সরকারের ব্যাংক খাত সংস্কার কার্যক্রম থেকে সরে আসার ইঙ্গিত হিসেবে দেখছিলেন। এ নিয়ে বিভিন্ন মহলে ব্যাপক আলোচনা-সমালোচনাও হয়।
বর্তমান আইনের বিধান অনুযায়ী, একীভূত হওয়া বা একীভূতকরণের তালিকাভুক্ত কোনো ব্যাংকের সাবেক পরিচালক বা মালিক সরকার কিংবা বাংলাদেশ ব্যাংকের দেওয়া মূলধন সহায়তার ৭ দশমিক ৫ শতাংশ অগ্রিম পরিশোধ করে পুনরায় ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করতে পারতেন। অবশিষ্ট ৯২ দশমিক ৫ শতাংশ অর্থ দুই বছরের মধ্যে ১০ শতাংশ সরল সুদে পরিশোধের সুযোগ রাখা হয়েছিল।
তবে সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই বিতর্কিত বিধানটি আইন থেকে বাদ দেওয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী।