
টানা তিন দফা কমার পর দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ১৫৮ টাকা পর্যন্ত দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা।
বৃহস্পতিবার (২১ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, তেজাবি স্বর্ণ বা পিওর গোল্ডের দাম বেড়ে যাওয়ায় স্থানীয় বাজারে নতুন করে দর সমন্বয় করা হয়েছে। সকাল ১০টা থেকে নতুন এ মূল্য কার্যকর হয়েছে।
নতুন মূল্য তালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হবে ২ লাখ ২৭ হাজার ৩৩১ টাকায়। এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৪ হাজার ৮৪৭ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম রাখা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৬৮৯ টাকা।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়ানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৬৫৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের রুপা ৫ হাজার ৩৬৫ টাকা, ১৮ ক্যারেটের রুপা ৪ হাজার ৬০৭ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ৩ হাজার ৭৪১ টাকায় বিক্রি হবে।
বাজুস বলছে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামের ওঠানামার প্রভাবেই দেশের বাজারে এই সমন্বয় করা হয়েছে। ইরান-যুক্তরাষ্ট্র-ইসরাইল উত্তেজনার পর থেকে বিশ্ববাজারে স্বর্ণের দাম ঊর্ধ্বমুখী রয়েছে। যদিও আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি আউন্স স্বর্ণ ৪ হাজার ৫৩৭ ডলারে লেনদেন হচ্ছে বলে জানিয়েছে গোল্ডপ্রাইস ডটওআরজি।
এর আগে গত জানুয়ারির শেষ দিকে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় উল্লম্ফনের প্রভাব পড়ে দেশের বাজারেও। ২৯ জানুয়ারি এক দফায় ভরিপ্রতি ১৬ হাজার ২১৩ টাকা বাড়ানো হয়েছিল, যা দেশের ইতিহাসে একদিনে সর্বোচ্চ মূল্যবৃদ্ধি হিসেবে রেকর্ড গড়ে। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম উঠে যায় ২ লাখ ৮৬ হাজার টাকায়।