
চাঁদাবাজির অভিযোগে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সহসভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে।
বৃহস্পতিবার (২১ মে) ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি মিয়া বাবুল ও মো. মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন। পাশাপাশি সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে মঙ্গলবার (১৯ মে) পোনাবাহী মাছের গাড়ি আটকে লাখ টাকা চাঁদাবাজির অভিযোগ ওঠে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এছাড়া আরেকটি গাড়ি থেকে চাঁদা না পেয়ে ভাঙচুর ও চালককে মারধরের অভিযোগও রয়েছে।
চাঁদাবাজির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সহসভাপতি মিয়া বাবুল, সহসভাপতি মো. মিঠুন, সহসভাপতি আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন স্বজন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত, সহসাংগঠনিক সম্পাদক মো. হায়দার মুন্সি ও শাহরিয়ারসহ একাধিক নেতাকর্মীর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেলেও অভিযোগ রয়েছে, দায়সারাভাবে শুধু দুজনকে বহিষ্কার করা হয়েছে।