
সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামের সঙ্গে দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের পরিবারের আপস-মীমাংসা হয়েছে। মরিয়মের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তাদের জামিনে বাদী পক্ষের কোনো আপত্তি নেই বলে আদালতকে জানানো হয়েছে।
বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহর আদালতে জামিন শুনানির সময় এ তথ্য জানানো হয়। শুনানিতে বলা হয়, গাজী নজরুল ইসলাম ও মাকছুদা ইসলাম জামিন পেলে মামলার বাদী মো. মাসুম বিল্লাহর কোনো আপত্তি নেই।
গত ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় রাজধানীর শেরেবাংলা নগর থানার ন্যাম ভবনের ২০৩ নম্বর ফ্ল্যাট থেকে সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের (১৯) ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই সময় ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ ছিল।
পরে সিআইডির সহায়তায় দরজা ভেঙে পুলিশ ভেতরে প্রবেশ করে। সেখানে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় মরিয়মের মরদেহ পাওয়া যায়। তার কক্ষে কয়েকটি চিরকুটও পাওয়া যায় বলে জানায় পুলিশ।
এ ঘটনায় পরদিন মরিয়মের বাবা এস এম মাসুম বিল্লাহ বাদী হয়ে গাজী নজরুল ইসলাম, তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলাম এবং নিহতের মামা ওবায়দুর রহমানের বিরুদ্ধে মামলা করেন।
মামলা দায়েরের পর একই রাতে গাজী নজরুল ইসলাম ও তার প্রথম স্ত্রী মাকছুদা ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ।