
রাজধানীর গুলিস্তানে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারেই থাকতে হচ্ছে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।
সোমবার (২৮ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার আসামিদের জামিন আবেদনের ওপর শুনানি শেষে এ আদেশ দেন।
জামিন নামঞ্জুর হওয়া ব্যক্তিরা হলেন—দিদারুল আলম তুহিন, ইমান আহমেদ ইমন, মোল্লা মো. শাহজাহান সিরাজ, জয় সরকার, মিরাজ আহমেদ, মিরাজ মালিথা, রবিউল ইসলাম, মিলন কুমার মহন্ত, কাউসার হোসেন, শ্রী অঞ্জন শীল, জালাল উদ্দিন মন্ডল, আব্দুল লতিফ, শামীম আহমেদ, আহম্মেদ আহসান হাবিব, সুজন আলী, তসিকুল ইসলাম, সাইফুল্লাহ সায়েক, নয়ন আলী, সাজিদুল ইসলাম তুহিন, তাজুল ইসলাম, নিষ্কর সম্রাট হোসেন তালুকদার, আনোয়ার হোসেন, আলমগীর হোসেন, আল আমিন হাওলাদার, তুষার আলী, রাসিদুল হক ও মীর মুক্তিসুর রহমান।
এর আগে রোববার ২৭ জনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। অন্যদিকে তাদের পক্ষে জামিনের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন এবং সোমবার জামিন শুনানির দিন ধার্য করেন।
কারাগারে আটক রাখার আবেদনে পুলিশ জানায়, আসামিরা জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে অস্থিতিশীল ও বিশৃঙ্খলাপূর্ণ পরিবেশ সৃষ্টি করেন। শনিবার বিকেল ৪টা ১০ মিনিটের দিকে পল্টন মডেল থানা পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় তাদের আটক করা হয়।
পুলিশের দাবি, জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলে আসার বিষয়ে তারা কোনো সদুত্তর দিতে পারেননি। তারা কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন—এমন প্রাথমিক ধারণা থেকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় তাদের কারাগারে আটক রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
প্রসঙ্গত, গত শনিবার বিকেল ৪টার দিকে রাজধানীর গুলিস্তানে জাসদের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে প্রায় ৩০০ জনকে আটক করে পুলিশ। পরে যাচাই-বাছাই শেষে অনেককে ছেড়ে দেওয়া হয়। ২৭ জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়।