
রাজধানীর পল্টনে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) কেন্দ্রীয় কার্যালয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ২৭ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। তবে তাদের জামিনের বিষয়ে শুনানি হবে সোমবার।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাতে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত এ আদেশ দেন। একই সঙ্গে আসামিদের জামিন শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মাসুদ খান। তিনি বলেন, পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ২৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। তাদের জামিন শুনানির জন্য সোমবার দিন নির্ধারণ করা হয়েছে।
এর আগে ২৭ জনকে আদালতে হাজির করে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে আটক রাখার আবেদন করেন পল্টন মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল ইসলাম।
পুলিশের আবেদনে বলা হয়, গত ২৬ সেপ্টেম্বর দায়িত্ব পালনকালে জাসদের কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে ওই ব্যক্তিরা ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেন এবং অস্থিতিশীল ও বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন। পরে পুলিশ ও স্থানীয় লোকজনের সহায়তায় সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাদের আটক করা হয়।
আবেদনে আরও উল্লেখ করা হয়, জিজ্ঞাসাবাদে ঘটনাস্থলে আসার বিষয়ে আটক ব্যক্তিরা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। তারা কোনো ধর্তব্য অপরাধের সঙ্গে জড়িত থাকতে পারেন—প্রাথমিকভাবে এমন ধারণা থেকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে তাদের কারাগারে রাখা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. দিনারুল আলম তুহিন (৫০), ইমান আহম্মেদ ইমন (৪৫), মোল্লা মোহাম্মদ শাহাজাহান সিরাজ (৩৭), জয় সরকার (৩১), মো. মিরাজ আহমেদ (১৯), মো. মিরাজ মল্লিক (৩৯), মো. রবিউল ইসলাম (৪২), মিলন কুমার মহস্ত (৩৯), মো. কাউসার হোসেন (৫০), শ্রী অন্তর শিল (৪০), জালাল উদ্দিন মন্ডল (৫৫), আব্দুল লতিফ (৪৬), শামীম আহমেদ (৩০), আহম্মেদ আহসান হাবিব (৪৩), মো. সুজন আলী (৩২), মো. তরিকুল ইসলাম (৩৭), মো. সাইফুল্লার সাদেক (৪৩), নয়ন আলী (৩০), সাজিদুল ইসলাম তুহিন (৪০), তাজুল ইসলাম (৩৪), নিস্কর সম্রাট হোসেন তালুকদার (৪৩), আনোয়ার হোসেন (৫২), মো. আলমগীর হোসেন (৪৫), মো. আল আমিন হাওলাদার (৩৯), মো. তুষার আলী (৫০), মো. রাসিদুল হক (৪৪) ও মীর মুক্তিসুর রহমান (৫১)।
এর আগে ২৬ সেপ্টেম্বর জাসদের কেন্দ্রীয় কার্যালয় থেকে ২৭৮ জনকে আটক করে পুলিশ। আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা সেখানে বৈঠক করছেন—এমন অভিযোগের পর পুলিশ কার্যালয়ে যায়। পরে আটক ব্যক্তিদের পরিচয় যাচাই শেষে ২৪৯ জনকে ছেড়ে দেওয়া হয়। তাদের মধ্যে কয়েকজন সাংবাদিকও ছিলেন।
ক্যাটাগরি: জাতীয় | সাব-ক্যাটাগরি: আইন-আদালত