
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) পিএলসির দায়ের করা ঋণ আদায়ের মামলায় সিটিসেলের পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘প্যাসিফিক বাংলাদেশ টেলিকম লিমিটেড’-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) এবং তিন পরিচালকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার অর্থঋণ আদালত।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার অর্থঋণ আদালত-৭ আসামিদের গ্রেপ্তার করে আগামী ১৮ নভেম্বরের মধ্যে আদালতে হাজির করতে গুলশান থানাকে নির্দেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ব্যক্তিরা হলেন—সিটিসেলের সিইও মেহবুব চৌধুরী, পরিচালক মো. মোরশেদ, আসগর করিম ও নাসরিন খান এবং ভারপ্রাপ্ত প্রধান অর্থ কর্মকর্তা মো. ফারিকুল হাসান।
আদালতের নথিপত্র অনুযায়ী, মানি এক্সিকিউশন মামলা নং ৮১০/২০২৬-এর আওতায় তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।
অর্থঋণ আদালত আইন, ২০০৩-এর ৩৪(১) ধারার অধীনে আদালত এ আদেশ দেন। ওই ধারার আওতায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের ঋণগ্রহিতা হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ছয় মাসের আটকাদেশ রয়েছে।
এমটিবির কর্মকর্তারা জানিয়েছেন, মামলাটিতে ব্যাংকের দাবিকৃত অর্থের পরিমাণ ৬ কোটি ৮০ লাখ টাকা।