
প্রায় আড়াই বছর পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ প্রাঙ্গণে শুরু হয়েছে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম। স্থানীয় বাসিন্দাদের স্বেচ্ছাশ্রমে ধুয়ে-মুছে পরিষ্কার করা হয়েছে সমাধিসৌধ প্রাঙ্গণ।
শনিবার (২১ নভেম্বর) সকালে এ কার্যক্রম শুরু হয়। সকাল ১০টার পর থেকে সমাধিসৌধ এলাকায় ছাত্রলীগের নেতাকর্মী ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি বাড়তে থাকে। একপর্যায়ে শতাধিক মানুষ একত্রিত হয়ে সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কারের কাজে অংশ নেন।
কর্মসূচিতে অংশ নেওয়া একাধিক ব্যক্তি জানান, বঙ্গবন্ধুর সমাধিসৌধ প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার কাজে অংশ নিতে পেরে তারা আনন্দিত। কোনো রাজনৈতিক পরিচয় বা দলীয় বিবেচনা থেকে নয়, বরং নিজস্ব আগ্রহ ও ভালোবাসা থেকেই তারা এ উদ্যোগে শামিল হয়েছেন।
তাদের ভাষ্য, কর্মসূচিতে অংশ নেওয়ার অভিজ্ঞতা ছিল ভিন্ন রকম। সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ, পারস্পরিক সহযোগিতা ও আনন্দঘন পরিবেশে তারা পরিচ্ছন্নতার কাজ সম্পন্ন করেন। বিভিন্ন বয়স ও পেশার মানুষের অংশগ্রহণে সমাধিসৌধ প্রাঙ্গণে তৈরি হয় উৎসবমুখর পরিবেশ।
এর আগে গত ১৫ নভেম্বর রাতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও যুবলীগের স্থানীয় নেতাকর্মীরা সমাধিসৌধ কমপ্লেক্সে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন ও কর্মসূচি পালন করেন। এরই ধারাবাহিকতায় ২১ নভেম্বর স্থানীয় বাসিন্দারা পরিচ্ছন্নতা কর্মসূচির আয়োজন করেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর বঙ্গবন্ধুর সমাধিসৌধে সাধারণ মানুষের প্রবেশ কার্যক্রম বন্ধ হয়ে যায়। এরপর দীর্ঘ সময় ধরে সমাধিসৌধের অভ্যন্তরে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ছিল।
পরবর্তীতে গত ১৬ নভেম্বর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা সমাধিসৌধটি জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেন। এর ধারাবাহিকতায় সমাধিসৌধের সৌন্দর্য ফিরিয়ে আনা এবং নতুন সাজে সাজানোর লক্ষ্যে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়।
দীর্ঘদিন পর সমাধিসৌধ প্রাঙ্গণে এমন কর্মসূচি ঘিরে স্থানীয় বাসিন্দা ও অংশগ্রহণকারীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।