
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভের ঘটনায় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক করা হয়।
শনিবার (১৪ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, সকালে চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। পরে হাজিরা দিয়েই তাঁরা কারখানা থেকে বেরিয়ে আসেন। কয়েক দিন আগে শ্রমিক আন্দোলনের সময় এপেক্স কারখানার এক নারী শ্রমিক আহত হয়ে মারা গেছেন—এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। এর জের ধরে এবং বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকেরা চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করলে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
খবর পেয়ে পুলিশ ও বিজিবির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। তবে এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে সাধারণ মানুষের ভোগান্তি ও আতঙ্ক কমানো এবং পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। একপর্যায়ে বেলা সাড়ে ১১টার দিকে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে এবং মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্পাঞ্চল-২-এর পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, চন্দ্রা পল্লীবিদ্যুৎ এলাকার ৮ থেকে ১০টি কারখানার শ্রমিকেরা হাজিরা দেওয়ার পর কারখানা থেকে বেরিয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রথমে তাঁদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু শ্রমিকেরা উত্তেজিত হয়ে পুলিশের দিকে ইট-পাটকেল ছোড়েন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।