
রাজশাহীর তানোরে সহকর্মী এক তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগে করা মামলায় পলাশ আলী (৩০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি দলটির তানোর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক। তার বাড়ি উপজেলার প্রাণপুর গ্রামে।
পুলিশ জানায়, পলাশ আলীর বিরুদ্ধে আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, পলাশ আলী একটি বেসরকারি সংস্থায় চাকরি করেন। সেখানে তার সঙ্গে কাজ করেন ২৭ বছর বয়সী এক তরুণী। ওই তরুণীর অভিযোগ, গত ২ সেপ্টেম্বর রাত ৯টার দিকে কিস্তির টাকা আদায় শেষে ফেরার পথে পলাশ তাকে ধর্ষণের চেষ্টা করেন।
এ ঘটনায় ভুক্তভোগী তরুণী আদালতে মামলা করেন। পরে ওই মামলায় পলাশ আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
এ বিষয়ে এনসিপির রাজশাহী জেলা কমিটির সদস্যসচিব নাহিদুল ইসলাম সাজু বলেন, তানোরের ওই কমিটি সম্পর্কে তিনি তেমন কিছু জানেন না। বিষয়টি জানার পর তানোর উপজেলার দায়িত্বশীল নেতাদের অবহিত করা হয়েছে। তারা বিস্তারিত জানাবেন। অভিযোগের সত্যতা পাওয়া গেলে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।