
ময়মনসিংহের ত্রিশালেই আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ করা হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। একই সঙ্গে ত্রিশালকে আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তিনি। সরকার ইতোমধ্যে এলাকাটিকে ‘নজরুল সিটি’ হিসেবে ঘোষণা করেছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণ এবং আধুনিক পর্যটন নগরী গড়ে তোলার লক্ষ্যে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।
এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, প্রথমে বগুড়া বিমানবন্দরের কাজ শুরু করা হবে। এরপর ত্রিশালে বৃহৎ পরিসরে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। বিএনপি সরকার গঠনের পর জনগণকে সঙ্গে নিয়েই উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করছে উল্লেখ করে তিনি বলেন, ত্রিশালে বিমানবন্দর নির্মিত হলে বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে ব্যাপক উন্নয়ন ঘটবে। অল্প কিছুদিনের মধ্যেই ত্রিশালের পর্যটন এলাকার উন্নয়নকাজ দৃশ্যমান হবে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রসঙ্গ টেনে বিমানমন্ত্রী বলেন, ‘আমরা দ্বিতীয় জিয়াউর রহমান পেয়েছি। যিনি ১৪ থেকে ১৬ ঘণ্টা কাজ করেন।’ এ সময় ত্রিশালসহ পুরো দেশকে মাদকমুক্ত করতে সবার সহযোগিতা চান তিনি।
মন্ত্রী আরও বলেন, ত্রিশাল ইতোমধ্যে উন্নত উপজেলা হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। সংসদ সদস্য ডা. মাহাবুবুর রহমানের নেতৃত্বেই আধুনিক ত্রিশাল গড়ে তোলার কাজ এগিয়ে যাবে। কপালে থাকলে তিনিও যেকোনো সময় মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত হতে পারেন বলে মন্তব্য করেন তিনি।
সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘এ দেশে আওয়ামী লীগ ফিরে আসবে না, আপনারা নির্ভয়ে কাজ চালিয়ে যান।’
ত্রিশাল আসনের সংসদ সদস্য ডা. মো. মাহাবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া।