
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দীর্ঘদিনের বিরোধের জেরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে কয়েকটি বাড়িঘরে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগও উঠেছে। সংঘর্ষে জড়িত দুই পক্ষ একই বংশ বা বৃহত্তর পরিবারের আত্মীয়-স্বজন বলে জানা যায়।
বুধবার (১১ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের ইছাপুরা গ্রামে এ সংঘর্ষ শুরু হয়। প্রায় দুই ঘণ্টা ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলে।
স্থানীয় সূত্র ও পুলিশের তথ্য অনুযায়ী, ইছাপুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম খাঁ এবং একই গ্রামের বাসিন্দা আক্তার হোসেনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বুধবার সকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় দুই পক্ষের কয়েকটি বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত ব্যক্তিদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, এনাম খাঁ ও আক্তার হোসেন সম্পর্কে নিকটাত্মীয়। বিভিন্ন বিষয় নিয়ে তাঁদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। সেই বিরোধের জেরেই সংঘর্ষের ঘটনা ঘটেছে।
তিনি আরও বলেন, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।