
গাজীপুরের সদর উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের অভিযোগ উঠেছে একটি মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক আরিফুল ইসলামের বিরুদ্ধে। এ ঘটনায় রোববার (২৫ অক্টোবর) রাতে ছাত্রীর বাবা পাঁচজনকে আসামি করে জয়দেবপুর থানায় মামলা করেছেন।
মামলার প্রধান আসামি আরিফুল ইসলামের বয়স ২৯ বছর। তিনি জয়দেবপুর থানার দুটি মাদ্রাসার পরিচালক ও প্রধান শিক্ষক। অন্য আসামিরা হলেন তাঁর ভাই শরীফ মিয়া (৩৫), বাবা সেলিম মিয়া (৫৫), মা রহিমা খাতুন (৪০) এবং দেলোয়ার হোসেন। মামলার এজাহার অনুযায়ী, আসামিদের সবার বাড়ি ময়মনসিংহ সদর থানার চর বওলা গ্রামে।
এজাহারে বলা হয়েছে, ওই ছাত্রী আরিফুল ইসলামের পরিচালিত একটি মহিলা মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়ত। শিক্ষক আরিফুল তাকে প্রেমের প্রস্তাব দেওয়ার পাশাপাশি বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। প্রস্তাবে রাজি না হওয়ায় তাকে অপহরণের হুমকিও দেওয়া হয়।
বিষয়টি পরিবারকে জানানোর পর ছাত্রীর স্বজনেরা আরিফুল ইসলামকে এ ধরনের আচরণ থেকে বিরত থাকার অনুরোধ করেন। এতে ক্ষুব্ধ হয়ে তিনি তাঁদের ভয়ভীতি দেখানো ও হুমকি দিতে থাকেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
এজাহারের বিবরণ অনুযায়ী, গত ১০ অক্টোবর সকালে মাদ্রাসায় যাওয়ার পর ওই ছাত্রীকে আরিফুল ইসলাম তাঁর সহযোগীদের নিয়ে অপহরণ করেন। বিভিন্ন মাধ্যমে বিষয়টি জানতে পেরে মেয়ের বাবা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। কিন্তু মেয়েকে উদ্ধার করতে না পেরে শেষ পর্যন্ত থানায় মামলা করেন তিনি।
ছাত্রীর বাবা জানান, ঘটনার দিন সকাল আনুমানিক সাড়ে ৭টার দিকে প্রতিদিনের মতো মাদ্রাসায় যাওয়ার পর তাঁর মেয়ে নিখোঁজ হয়। পরে তিনি জানতে পারেন, অভিযুক্ত শিক্ষক অন্যদের সহায়তায় মেয়েকে অপহরণ করেছেন।
জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, ছাত্রীকে অপহরণের অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। নিখোঁজ ছাত্রীকে উদ্ধার এবং আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।