
অধিকৃত পশ্চিম তীরের হেব্রন গভর্নরেটজুড়ে ইসরায়েলি বাহিনীর সামরিক অভিযান চতুর্থ দিনে প্রবেশ করেছে। অভিযান, অবরোধ, যানবাহন জব্দ এবং বাসিন্দাদের ওপর নির্যাতনের ফলে অঞ্চলটিতে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা বেড়ে ২ হাজার ৬৪৯ জনে পৌঁছেছে।
সোমবার (২৬ অক্টোবর) হেব্রন সাপোর্ট অ্যান্ড রিলিফ কমিটির দেওয়া তথ্যের বরাতে এ পরিস্থিতির কথা জানা গেছে।
স্থানীয় সূত্রগুলো জানায়, মধ্যরাতে সাঁজোয়া যান নিয়ে ইসরায়েলি সেনাদের নতুন একটি দল ফারশ আল-হাওয়া প্রবেশপথ দিয়ে হেব্রন শহরে ঢোকে। একই সময়ে সেনারা শহরের দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকায় প্রবেশ করে এবং ফিলিস্তিনিদের বেশ কয়েকটি গাড়ি জব্দ করে।
হেব্রনের গভর্নর খালেদ দুদিন জানিয়েছেন, সাম্প্রতিক কয়েক দিনে ইসরায়েলি বাহিনী ৭০ জন ফিলিস্তিনিকে আটক করেছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সামরিক অভিযানের কারণে ৪৫০টির বেশি পরিবার ঘরবাড়ি হারিয়েছে। এ ছাড়া ৫০০টি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।
তিনি আরও জানান, ইসরায়েলি বাহিনী ১২৮টি ফটক ও ১২০টি সেনাচৌকি স্থাপন করে পুরো অঞ্চলকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলেছে।
এদিকে গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরের উপকণ্ঠে ইসরায়েলি স্থল ও বিমান হামলায় অন্তত তিনজন নিহত হয়েছেন। এসব হামলায় ১০ জনের বেশি মানুষ আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন চিকিৎসকেরা।