
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তাঁর ভাষ্য, স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত এবং প্রয়োজন। গত ১৭ বছরে সুষ্ঠু নির্বাচন হয়নি বলেও মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোলা সার্কিট হাউজে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার।
তিনি বলেন, আর্থিকভাবে সচ্ছল না হলেও যেসব মানুষের জনপ্রিয়তা ও সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে, তাঁদের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া উচিত। সাধারণ মানুষ যাতে নির্বাচনে প্রার্থী হতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনকে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।
নির্বাচনি ব্যবস্থায় আমূল সংস্কারের তাগিদ
শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে নিজের রাজনৈতিক অভিজ্ঞতার কথা তুলে ধরে স্পিকার বলেন, আমার রাজনৈতিক অভিজ্ঞতা বলছে- আগামী ১০ বছরেও শেখ হাসিনা ফেরার সম্ভাবনা নেই।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় এমন একটি পরিবেশ তৈরি করেছিল, যেখানে সমাজের সৎ, ভালো ও নিরপেক্ষ মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। এ কারণে বর্তমান নির্বাচনি ব্যবস্থায় ব্যাপক সংস্কার প্রয়োজন বলে মনে করেন তিনি।
ভোলার গ্যাস স্থানীয় মানুষের অধিকার
ভোলার প্রাকৃতিক গ্যাসের সম্ভাবনা প্রসঙ্গে স্পিকার বলেন, এ জেলায় পর্যাপ্ত পরিমাণ গ্যাস রয়েছে। এর মজুতের পরিমাণ সারা দেশের বর্তমান রিজার্ভের সমান বলে দেখা যাচ্ছে। ভোলায় আরও গ্যাসের ভান্ডার থাকার সম্ভাবনাও রয়েছে বলে আশা প্রকাশ করেন তিনি।
স্পিকার বলেন, ভোলার সাধারণ মানুষের গ্যাস প্রয়োজন। ভোলাবাসী অনেক দিন ধরে কষ্ট করছে। গ্যাসতো ভোলাবাসীর ন্যায্য অধিকার। তাদের র্দীঘদিনের দাবি। এই বিষয়ে আমি জ্বালানিমন্ত্রীর সঙ্গে কথা বলবো।
নিজের নির্বাচনি এলাকা লালমোহন-তজুমদ্দিনে তিন দিনের সফর শেষে বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকার উদ্দেশে ভোলা ত্যাগ করেন স্পিকার।