
গাইবান্ধার সাদুল্লাপুরে ব্রিজের নিচে পানি থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বনগ্রাম ও ভাতগ্রাম ইউনিয়নের মধ্যবর্তী দুর্গাপুর সড়কের ব্রিজের নিচে মরদেহটি ভাসতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন।
পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৪০ থেকে ৪৫ বছর। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে কি না, তাৎক্ষণিকভাবে সেটিও নিশ্চিত হওয়া যায়নি।
সাদুল্লাপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। এটি হত্যা নাকি অন্য কোনো কারণে ওই নারীর মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।