
কক্সবাজারের ইনানীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি রিসোর্ট পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত ব্যক্তিরা পর্যটক বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আরও হতাহতের আশঙ্কা রয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভের পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার টুপটুপ রিসোর্টে আগুন লাগে।
ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য জানান, অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুন নিয়ন্ত্রণে আনতে সকাল ৮টার দিকে তিনটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন নিয়ন্ত্রণে এলেও ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম চলছিল। অগ্নিকাণ্ডের কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতদের পরিচয় সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।