
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণের দাবিতে কংগ্রেসের নেতৃত্বে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছে তামিলনাড়ুর ক্ষমতাসীন থালাপতি বিজয়ের দল তামিলাগা ভেটরি কাজাগাম (টিভিকে)। বিরোধী জোট ‘ইন্ডিয়া’তে যোগ দেওয়ার পর নির্বাচন কমিশনের বিরুদ্ধে দলটির এটাই প্রথম বিক্ষোভে অংশগ্রহণ।
কংগ্রেসের সংসদ সদস্য বি মানিকাম ঠাকুর ও তামিলনাড়ু কংগ্রেস কমিটির (টিএনসিসি) যৌথ উদ্যোগে চেন্নাইয়ে এ কর্মসূচির আয়োজন করা হয়। ভোটার তালিকায় অনিয়ম এবং বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার প্রতিবাদে ‘গণতন্ত্র রক্ষা’ স্লোগানে বিক্ষোভ করেন বিরোধী দলের নেতাকর্মীরা।
হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, ভোটার তালিকা নিয়ে অনিয়মের অভিযোগে নয়াদিল্লিসহ ভারতের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি চলছে। চেন্নাইয়ের বিক্ষোভে ‘ইন্ডিয়া’ জোটের সাতটি দলের নেতারাও অংশ নেন।
এর আগে ১০ অক্টোবর চেন্নাইয়ে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক করেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও টিভিকে প্রধান বিজয়। ওই বৈঠকের কয়েক দিন পরই কংগ্রেসের ডাকা বিক্ষোভে অংশ নিল তাঁর দল।
বিজয় ও তাঁর দলকে বিজেপির বিরুদ্ধে ভবিষ্যতে বিভিন্ন আলোচনা, প্রচার ও বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়ার আমন্ত্রণ জানিয়েছিলেন রাহুল গান্ধী। পরে চেন্নাইয়ের শহরতলি নীলাঙ্করাইয়ে বিজয়ের বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন কংগ্রেস নেতা।
বিক্ষোভে বক্তারা অভিযোগ করেন, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে পরিকল্পিতভাবে বিপুলসংখ্যক ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। তাঁদের দাবি, বাদ পড়া ভোটারদের বড় অংশ মুসলিম, ক্ষুদ্র জাতিসত্তা ও প্রান্তিক জনগোষ্ঠীর মানুষ। শুধু তামিলনাড়ুতেই ৯৭ লাখের বেশি ভোটারের নাম বাদ দেওয়া হয়েছে বলে দাবি করেন তাঁরা।
তবে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার অভিযোগ এবং এর পেছনে উদ্দেশ্য সম্পর্কে বিক্ষোভকারীদের বক্তব্য স্বাধীনভাবে যাচাই করা হয়নি।