
রাঙামাটির সাজেকে তিন দফা দাবি আদায়ে বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ভোর ৬টা থেকে আবারও সড়ক অবরোধের ঘোষণা দিয়েছে সাজেক গণ-অধিকার রক্ষা কমিটি ও সাজেক কার্বারী অ্যাসোসিয়েশন। প্রশাসনের বিরুদ্ধে প্রতিশ্রুতি রক্ষা না করা এবং দাবি পূরণে ব্যর্থতার অভিযোগ তুলে নতুন করে এ কর্মসূচি ঘোষণা করেছে সংগঠন দুটি।
বুধবার (১৪ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানান সাজেক গণ-অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
বিবৃতিতে বলা হয়, সাজেকের বাসিন্দাদের তিন দফা দাবি বাস্তবায়ন এবং জেএসএসের সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের এলাকা থেকে সরিয়ে নিতে প্রশাসনকে ৪৮ ঘণ্টার সময় বেঁধে দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসন কোনো দাবি পূরণ করতে পারেনি বলে অভিযোগ করেছে সংগঠন দুটি। একই সঙ্গে প্রশাসনের দেওয়া শর্ত ও প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগও তোলা হয়েছে।
প্রশাসনের আশ্বাসে আগের অবরোধ প্রত্যাহার
এর আগে গত রোববার সাজেকে অনির্দিষ্টকালের জন্য সড়ক অবরোধের কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। পরে প্রশাসনের আশ্বাসের পর প্রায় সাড়ে ১১ ঘণ্টা পার হলে অবরোধ তুলে নেওয়া হয়। তবে দাবি পূরণ না হওয়ায় আবারও একই কর্মসূচিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছে সংগঠন দুটি।
জরুরি সেবার যানবাহন অবরোধের বাইরে
নতুন কর্মসূচিতে জরুরি সেবার যানবাহন চলাচলে বাধা দেওয়া হবে না বলে যৌথ বিবৃতিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স, মরদেহবাহী যান, জরুরি ওষুধ সরবরাহকারী গাড়ি এবং সংবাদপত্র বহনকারী যানবাহন অবরোধের আওতামুক্ত থাকবে। পাশাপাশি সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত সাংবাদিকদের গাড়িও চলাচল করতে পারবে।