
চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) গুলশান বিভাগ।
সোমবার দিবাগত রাত দেড়টার দিকে রাজধানীর গুলশান-২ এলাকার ৪৩ নম্বর সড়কের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাহফুজুর রহমান মিতার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ডিবির গুলশান বিভাগের উপ-কমিশনার (ডিসি) আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে গুলশান-২-এর ৪৩ নম্বর সড়কের ২৯ নম্বর বাসায় অভিযান পরিচালনা করে ডিবি।
অভিযান চলাকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনের সাবেক সংসদ সদস্য মাহফুজুর রহমান মিতাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর মাহফুজুর রহমান মিতাকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন ডিবির কর্মকর্তা আ.ফ.ম আনোয়ার হোসেন খাঁন।
একাধিক মামলায় এজাহারনামীয় আসামি
ডিবির এই কর্মকর্তা আরও জানান, মাহফুজুর রহমান মিতা চট্টগ্রামের সন্দ্বীপ থানায় দায়ের করা একাধিক মামলার এজাহারনামীয় আসামি।