
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় শিশুশ্রম ও স্কুল থেকে ঝরে পড়া ১১৯ শিশুকে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে আনার মধ্য দিয়ে উপজেলাটিকে শিশুশ্রম ও স্কুলবহির্ভূত শিশুমুক্ত ঘোষণা করা হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) উপজেলার পারুলিয়া ফুটবল মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং দেবহাটা এরিয়া প্রোগ্রাম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সুশীলনের সহযোগিতায় আয়োজিত এক অনুষ্ঠানে এই ঘোষণা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেবহাটাকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করেন জেলা প্রশাসক (সার্বিক) শেখ মঈনুল ইসলাম মঈন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তরিকুল ইসলাম, মহিলাবিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, সুশীলনের উপপরিচালক শেখ মনিরুজ্জামান এবং ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের দেবহাটা এডিপি ম্যানেজার মিল্টন সিংসহ অনেকে।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, কোনো ইজিবাইক বা ভ্যান শিশু চালাচ্ছে এমন দৃশ্য দেখলে কষ্ট হয় এবং শিশুর প্রকৃত ঠিকানা কর্মক্ষেত্র নয়, বিদ্যালয়। শিশুশ্রম তাদের স্বাভাবিক বিকাশ বাধাগ্রস্ত ও শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত করে উল্লেখ করে তিনি জানান, দেবহাটাকে শিশুশ্রমমুক্ত ঘোষণা করা হলেও নতুন কোনো শিশু যেন শ্রমে না জড়ায় এবং বিদ্যালয়ে ফিরিয়ে আনা শিশুরা যেন পড়াশোনায় টিকে থাকে, সে জন্য সবাইকে নজরদারি চালিয়ে যেতে হবে। আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দেবহাটা উপজেলায় শিশুশ্রমে জড়িত ৮৭ শিশুর মধ্যে ৭৯ জন এবং স্কুল থেকে ঝরে পড়া ৪০ শিশুকে পুনরায় বিদ্যালয়ে ফিরিয়ে এনে পড়াশোনায় যুক্ত করা হয়েছে এবং ঝুঁকিতে থাকা শিশু ও তাদের পরিবারকে নিয়মিত মনিটরিং করা হচ্ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, গ্রাম উন্নয়ন কমিটির সদস্য, অভিভাবক এবং শিশু ও যুব ফোরামের সদস্যসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি সম্পন্ন হয়।