
সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনের ৮ নেতাকর্মীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে রয়েছেন সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ তুহিন এবং আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মো. আকাশ।
সোমবার (২১ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত সাভারের বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম।
গ্রেফতার ব্যক্তিরা হলেন—সাভার সদর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও সদর ইউনিয়নের লালটেক এলাকার শেখ জালালের ছেলে শেখ তুহিন (৩২); আমিনবাজার ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও মানিকগঞ্জ জেলার সিংগাইর থানার কামুরা এলাকার মহিউদ্দিনের ছেলে মো. আকাশ (৩৯); রাজধানীর মিরপুর থানার দক্ষিণ পাইকপাড়া এলাকার বাবুল খানের ছেলে রাজু খান (৩৯); ঝালকাঠি জেলার সদর থানার নইআড়ি এলাকার আসমত আলী খানের ছেলে আনোয়ার হোসেন (৫০); সাভার পৌরসভার ডগরমোড়া এলাকার শফি মোল্লার ছেলে রুহুল আমিন রাজিব (৩৮); গাইবান্ধা জেলার সাঘাটা থানার বেড়াগ্রাম এলাকার দেলোয়ার হোসেনের ছেলে মো. আরিফুল ইসলাম (২৪); মাদারীপুর জেলার শিবচর থানার চরচন্দ্রা গ্রামের আব্দুল আজিজের ছেলে মোহাম্মদ আলী (৩৬); এবং মানিকগঞ্জ জেলার সদর থানার শিবালীপাড়া এলাকার আজাদ মোল্লার ছেলে মুরাদ হোসেন (৪৫)।
পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেফতার ৮ জনই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সঙ্গে যুক্ত। তাদের বিরুদ্ধে অভিযোগ, সাভার এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিলসহ বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে নাশকতা এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করে আসছিলেন তারা। অভিযানের সময় তাদের কাছ থেকে এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলামতও জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারদের কাছ থেকে আরও কয়েকজনের বিষয়ে তথ্য পাওয়া গেছে। তাদের গ্রেফতারে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে। তদন্তের প্রয়োজনে গ্রেফতারদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ডের আবেদন করা হবে।